জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই রোগী শনাক্ত হয়েছে।
আজ রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে নেত্রকোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জন। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসান কবীর রিয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্ত দু’জন হলেন, সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাসুম মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (২০) ও একই উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের আবুল হাসেমের ছেলে বাবুল মিয়া (৩৮)।
জানা গেছে, তাসলিমা গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। গত বৃহস্পতিবার(৯ এপ্রিল) তিনি বাড়িতে আসেন। অন্যদিকে বাবুল মিয়া নরসিংদীর একটি এনজিওতে কাজ করেন। তিনি বাড়িতে আসেন গত ৩ এপ্রিল।
ডাঃ আহসান কবীর রিয়াদ জানান, আক্রান্ত দু’জনকে আপাতত তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাদের অন্যত্র স্থানান্তর করা হবে।
জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামে গত শুক্রবার সবুজ মিয়া নামে অপর এক ব্যক্তি আক্রান্ত হয়। এরপর থেকে গ্রামটি লকডাউন অবস্থায় রয়েছে। অন্যদিকে রোববার লক্ষ্মীগঞ্জ গ্রামটিও লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
ওদিকে, করোনায় আক্রান্ত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স আফরোজা সুলতানার অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালে পাঠানো হয়েছে।





