নাঙ্গলকোটে ২০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করল প্রভাবশালী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাঙ্গলকোটে ২০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করল প্রভাবশালী

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২১

কুমিল্লার নাঙ্গলকোটে ২০ পরিবারের বাড়িতে চলাচলের দু’শত বছরের পুরনো কাঁচা রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে জয়নাল আবেদীন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার মৌকরা ইউপির করাকোট গ্রামের মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে। রাস্তাটি খুলে দেয়ার জন্য ওই প্রভাবশালী জয়নাল আবেদীন বিরুদ্ধে তার আপন বড় ভাই আলী আক্কাস বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের এ রাস্তাটি দিয়ে ২০ পরিবারের লোকজনসহ বিভিন্ন গ্রামের শত শত লোক চলাচল করে। মাঠ থেকে মৌসুমী ধান কেটে, মসজিদে নামাজ পড়ার জন্য, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাসহ অন্যান্য প্রয়োজনে এ রাস্তা দিয়ে চলাচল করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। কিন্তু গত রোববার (১১ এপ্রিল) প্রভাবশালী জয়নাল আবেদীন বাঁশ, কাটা ও বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ দেয়। এতে বিপাকে পড়ে ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন। তারা রাস্তাটি খুলে দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় এনায়েত উল্লাহ, আব্দুল মমিন, মফিজুর রহমান ও আলী আক্কাছ বলেন, ২০ পরিবারের লোকজনসহ এলাকার শত শত লোক এ রাস্তা দিয়ে চলাচল করে। জ‍ালা থেকে ধান কেটে এ রাস্তা দিয়ে আনা হয়। মসজিদসহ এলাকার বিভিন্ন স্থানে এ রাস্তা দিয়ে যাতায়ত করা হয়। গত কয়েক দিন ধরে জয়নাল আবেদীন রাস্তাটি বন্ধ করে দেয়ার ফলে চলাচল করতে পারছিনা। অনেক কষ্টে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়।

এ বিষয়ে অভিযুক্ত জয়নাল আবেদীন বলেন, ৬০ হাজার টাকা দিলে রাস্তাটি খুলে দেয়া হবে। নতুন করে রাস্তায় মাটি ফেলতে হবে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জনসাধরণ চলাচলের রাস্তা বন্ধ করার এখতিয়ার নেই। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কি জন্য রাস্তা বন্ধ করা হয়েছে, তদন্ত করে রাস্তাটি খুলে দেয়ার জন্য বলা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads