নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত শিশুরা এই শীতে রাত কাটায় খুবই কষ্টে। পাতলা ফিনফিনে এক টুকরো কাপড়ে কাঁপতে থাকে শিশু গুলো। এক টুকরো শীতের কাপড়ের অভাবে তারা সারা রাত কাটায় শীতের কষ্টে। অসহায় এই শীতার্তদের উষ্ণতা দিতে সামাজিক সংগঠন ‘আলোকিত নরসিংদী’র উদ্যোগে নরসিংদী উদয়ন কলেজের অডিটরিয়ামে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নরসিংদী উদয়ন কলেজের পরিচালক নিহার রঞ্জন দে জন্টুসহ প্রমুখ।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমরা আমাদের সংঘটনের পক্ষ থেকে সবসময় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকি। আমরা তাদের ঈদে নতুন কাপড়, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি। তারা শীতে শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে শীতে রাত কাটায়। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেয়ার চেষ্টা করেছি। এই ধারাবাহিকতা প্রতিবছর অব্যহত থাকবে।





