বই হোক অনন্য সুহৃদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ফিতা কেটে এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল, সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবদুর মোতালিব পাঠান প্রমূখ।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, একেকটা বই একটা মনের জানালা খুলে দেয়। এবং সেই জানালা দিয়ে আলো প্রবেশ করে মানুষ এবং সমাজ আলোকিত হয়। সত্যিকার অর্থে বইয়ের মাধ্যমে জেগে আলোকিত মানুষ হতে পারে। আমাদের জ্ঞান ভিত্তিত সমাজ আর আলোকিত মানুষের স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী সে সপ্ন^ আমাদের সফল হবে। আমি মনে করি আমরা যারা আছি এখন আমাদেরকে একজন সুনাগরিক হওয়ার জন্য কাজ করতে হবে। এখানে ৬০ থেকে ৭০টা স্টল আছে। আজকে এখানকার লেখকের একটা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে এই ৫ দিনে।
প্রথম আলো বন্ধুসভার স্টলে কথা হয় বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সঙ্গে। তিনি বলেন, বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। সেই প্রাণের মেলা যখন সবার পদচারণায় মুখরিত হয় তখন নতুন প্রাণের সঞ্চার হয়। আমাদের বন্ধুসভার ৩ ও ৪ নং স্টলে নরসিংদীর লেখকদের বইয়ের প্রাধান্য বেশি থাকবে। আমাদের স্টলে যেসব পাঠকরা আসবে যদি তারা বই না কিনে তারপরে ও স্টলে বসে বই পড়ার সুযোগ পাবে। আমরা আশা করছি বইমেলায় পাঠক বাড়ার সাথে সাথে আমাদের বিক্রি ও বাড়বে এবং মেলা জমজমাট হবে।
পাঁচ দিনব্যাপী অমর একুশে বই মেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল অংশ গ্রহণ করছে। বই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।





