দিনাজপুরে নবাবগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ট্রাকের চালক শাকিল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহযোগী। নিহত চালক কুষ্টিয়া জেলার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে।
বুধবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়- হার্ডবোর্ড বহনকারী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে বুধবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজারের পূর্ব পাশে ব্রীজর নিকট পৌছিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ট্রাকের চালক শাকিল নিহত হয়। এ সময় চালকের সহযোগী আসিফ গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আসিফকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





