নদী তীর দখলরোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ (এস আর এফ বি) এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ দখলদার উচ্ছেদে কোর্টের নির্দেশনার আলোকে অভিযান চলবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স বজায় থাকবে। ’
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন এবং এর স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির জন্য শিপিং রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য ভবিষ্যতে করণীয় দিকগুলো তুলে ধরতে শিপিং রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহবাণ জানান।
এ সময়ে এস আর এফবি’র সভাপতি রাশেদ আলী, সাধারণ সম্পাদক কাজী জেবেল, কার্যকরি সদস্য আশীষ সেন, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রতিমন্ত্রী সম্প্রতি রাজধানীর চকবাজারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন।
তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রতিমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।





