দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জনে।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১০ হাজার ৮২২ করোনা রোগী।
রোববার (৩০ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১২০টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯-এ।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।





