মাদারীপুরের রাজৈরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০জন আহত হয়েছে । আহতদের মধ্যে ২২জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও একজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে এ ঘটনা ঘটে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বুধবার রাতে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে একটি বাড়িতে খৎনা (মোসলমানি) অনুষ্ঠানে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিবাদমান দুটি পক্ষ নুরুল ইসলাম মাতুব্বর ও বর্তমান মেম্বর মজিবর মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০জন আহত হয়।মারাত্মক আহত নুরুল ইসলাম মাতুব্বর, শাহিন মাতুব্বর (২৫), সিরাজ মাতুব্বর (৫০), হায়দার মাতুব্বর (৬০), মনজুল মোল্লা (৫০), জাহিদ মাতুব্বর (২৮), খোকন মাতুব্বর (১৮), আফজাল শেখ (৫০) মান্নান শেখ (৩৫) মনির মাতুব্বর (৪০), সাহাজাল (৭২) সহ ২২জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে হায়দার মাতুব্বরের (৬০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ওসি মোঃ শাহজাহান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।





