কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সোমবার ভোরে ঘরের সিঁধ কেটে আড়াই মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর শিশুটি কে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কালে দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছিল।
শিশুটির নাম জুনায়েদ। তার মায়ের নাম সানজিদা খাতুন। আর বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। শিশুটির বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। শিশুটির মা সানজিদা তার ছেলে জুনায়েদ কে নিয়ে তাড়াইলে আপাতত তার বাবার বাড়িতে আছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ মায়ের সঙ্গে রাতে বসতঘরে ঘুমিয়ে ছিল। ঘরটির মেঝে মাটির, ছাউনি টিনের। ভোর পৌনে পাঁচটার দিকে ঘরের পেছন দিক থেকে সিঁধ কেটে শিশু জুনায়েদকে দুর্বৃত্তরা নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তাড়াইল থানা-পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
মা সানজিদা জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে নিজ তাকে খাবার খাইয়ে আবার ঘুম পাড়ান। ফজরের আজানের সময় তাঁর ঘুম ভেঙে গেলে দেখতে পান, তাঁর পাশে থাকা জুনায়েদ নেই। তিনি ওঠে দেখেন, দরজা খোলা এবং ঘরের পেছন দিকে সিঁধ কাটা। তাঁর শ্বশুরবাড়ি চট্টগ্রামে। জুনায়েদ হওয়ার আগে তিনি বাবার বাড়ি আসেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আলী জানান, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশু জুনায়েদকে উদ্ধার করার জন্য সারা দিন বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।





