করোনাভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা প্রচলিত লিখিত পদ্ধতির পরিবর্তে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীদের সেশনজট এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।
বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত করে সরকারি সাত কলেজের সমন্বয়ক ও কবি নজরুল সাত কলেজের অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, "করোনা পরবর্তী সময়ে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সাত কলেজের পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত নেওয়া হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে।"
তিনি আরও বলেন, "খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি।"
উল্লেখ্য, দ্রুত ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওই বছরেরই ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।





