ডাকাতির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে আমির হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দী খালপাড় এলকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন (৩৫) শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।
এ ঘটনায় শাহিন মোল্লা ওরফে পেট কাঁটা শাহীন ওরফে কবির হোসেন (৩৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহীন মোল্লা রায়পুরা থানার রাজনগর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।
নিহতের পরিবারের জানায়, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সাথে প্রতিপক্ষ শাহীনের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে শাহিন নামে একজন আমির হোসেনকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শহরের খালপাড় কলেজ রোডে এলাকায় দেখা করেন। পরে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যায়।
নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহীন মোল্লা ও নিহত হওয়া আমীর হোসেন দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে ইতিপূর্বে খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৬ টা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামী শাহিন শাহীন মোল্লা ও নিহত হওয়া আমীর হোসেন একই ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে গতকাল রবিবার সকালে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শাহীন আমীর হোসনকে গুলি করে। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্বব কুমার দত্ত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ শাহীন মিয়াকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ও একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এর আগেও গ্রেপ্তারকৃত শাহীনের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে।





