আলোচিত নির্বাচনে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুর। ছাত্রলীগের গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে। যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন।
ডাকসুতে নির্বাচিত অন্যরা হলেন : মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিলা অর্ণি, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন (স্বতন্ত্র), ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর এবং সদস্যরা হলেন যোশীশ সাংমা (চিবল), নজরুল ইসলাম, রাকিবুল হাসান রাকিব, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ফরিদা পারভীন, নিপু ইসলাম তন্বী, সবুজ তালুকদার, তিলোত্তমা শিকদার, সাইফুল ইসলাম রাসেল ও মাহমুদুল হাসান।
নির্বাচনে ১৮টি হলের মধ্যে ভিপি পদে ছাত্রলীগের ১২ জন ও স্বতন্ত্র ৬ জন বিজয়ী হয়েছেন। জিএস পদে ছাত্রলীগের ১৪ ও স্বতন্ত্র ৪ জন জয়ী হয়েছেন।





