ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্রদের ‘ভোট ডাকাতি ও সন্ত্রাসের’ কঠোর প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিনি বলেন, আমরা ডাকসু নির্বাচনে অনিয়মের নিন্দা ও প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন জানাই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ডাকসু নির্বাচন ও সাম্প্রতিক উপজেলা নির্বাচন আবার প্রমাণ করেছে যে দেশের পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে।
উল্লেখ্য, ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল তা বর্জনের ঘোষণা দিয়েছে।





