টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় মেরিনড্রাইভের পূর্ব পাশে বঙ্গোপসাগর থেকে আসা ভাসমান অবস্থায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় অজ্ঞাত একটি লাশের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের শরীরের প্রায় মাংস পঁচে গলে নষ্ট হয়ে গেছে, শরীর থেকে মাথারখুলি আলাদা হয়ে গেছে, হাত-পা শরীরে নেই। লাশের শরীরে মেয়েদের পরিহিত একটি কাপড় দেখা যায়। অনেকে ধারণা করেন বয়স আনুমানিক ১০-১২ বছর হতে পারে।
আজ শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী নতুন বাজার কানেক্টিং রোড দক্ষিণ পাশে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় লাশের মতো কিছু একটা দেখতে পেলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশের ধ্বংস উদ্ধার করেন।
এব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানান, স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকে মোড়ানো একটা লাশের ধ্বংসাবশেষ উদ্ধার করে। লাশটি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরের জোয়ারের স্রোতে মেরিনড্রাইভের পূর্বে চলে আসছে মূলত। এটা অনেক দিন ধরে হয়তো সমুদ্রে ভাসছিল।





