অব্যাহত ভারী বর্ষণে ঝুঁকিপূণ পাহাড় থেকে নিরাপদে সরে যেতে মাইকিং করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম মহানগরীর ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে। স্থানীয় মসজিদগুলো থেকেও মাইকিং এর মাধ্যমে লোকজনকে নিরাপদ অবস্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।
তাছাড়া নিরাপদ আশ্রয়গ্রহণ করার জন্য চান্দগাও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেলাধীন এলাকায় খোলা হয়েছে ১৯ টি আশ্রয়কেন্দ্র। চলমান ভারী বর্ষণে ক্ষয়ক্ষতি থেকে স্থানীয়দের রক্ষা করতে চট্টগ্রাম মহানগরীর ৬ টি সার্কেলের এসি ল্যান্ড এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের সাথে সমন্বয় করে আশ্রয়কেন্দ্র তদারকি করছেন। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসি ল্যান্ড এবং স্থানীয় কাউন্সিলরের সাথে সমন্বয় করে ত্রাণকার্য পরিচালনা করবেন
মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলি, ফয়েজ লেক আকবর শাহ এলাকার ঝিল-১,২,৩ নং এলাকা, জিয়ানগর, মধ্যমনগর, মুজিব নগর, শান্তিনগর এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকা সমূহে ভারী বর্ষণের মধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন জেলা প্রশাসন। তবে করোনাভাইরাস এর সংক্রমণ পরিস্থিতিতে অধিকাংশ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজন সরে গিয়ে তাদের নিকটবর্তী আত্মীয়স্বজনের বাসায় নিরাপদ আশ্রয় নিচ্ছে।





