দুর্ঘটনা

ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুন, ৩৯ মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শতাধিক যাত্রীকে দগ্ধকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কয়েকশ যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান। রাত ৩টার দিকে সুগন্ধা নদীর দপদপিয়া গ্রামের কাছে এলে ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে লঞ্চটি দিয়াকুল এলাকায় নদী তীরে নোঙর করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ৩টা ২৮মিনিটে তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। তাদের কর্মীরা ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছে অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান শুরু করেন। ট্রলার নিয়ে লঞ্চের আগুন নেভানোর চেষ্টা করেন তারা।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রলার নিয়ে লঞ্চের আগুন নেভানোর চেষ্টা করেন তারা। এ ঘটনায় শতাধিক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি, বরিশালসহ বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনো চলছে উদ্ধার অভিযান। কিন্তু ভোরে ঘন কুয়াশার মধ্যে তাদের কাজ ব্যাহত হচ্ছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক বলছেন চিকিৎসকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads