আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান শিমুল (২৮) নামে সাবেক এক সেনা সদস্যর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেক ওই সেনা সদস্য শেরপুর সদরের চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহতের পরিবার জানায়, শিমুলের মানসিক সমস্যা ছিল। তাই তাঁকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।
জামালপুর জিআরপি থানার এসআই আব্দুস সাত্তার জানান, বগালী এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন শিমুল। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।





