চুক্তি অনুযায়ী খুব দ্রুততম সময়ের মধ্যে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা যেন বাংলাদেশে সরবরাহ করা যায় এ বিষয়ে আলোচনা করতে নিজ দেশে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগিরই কিভাবে দেয়া যায় সে চেষ্টা চলছে। এসময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সাথে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
স্বস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী সকাল ৮টা ৪৮মিনিটে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছান। এসময় চেকপোস্টে বিক্রম দোরাই স্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।





