নরসিংদীর রায়পুরায় পারিবারিক দ্বন্দের জেরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দের জেরে সেলিমের আপন চাচা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার পুত্র । সে দীর্ঘদিন প্রবাসে থেকে গত পনের দিন আগে দেশে ফিরেন। অন্যদিকে, সেলিমের চাচা অভিযুক্ত ব্যাক্তির নাম মো. ইলিয়াস (৫০ ) ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তার বড় ভাই আবুল বাদশার মাঝে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধের জেরে গত শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মাঝে কথা কাটাকাটি হয়। বিকেল নাগাদ সেই কথা কাটাকাটি ঝগড়ায় রূপ নেয়। ঝগড়ার এক পর্যায়ে ইলিয়াস তার বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে তাকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাাতালে ভর্তি করে পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সেলিম মারা যায়।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দের কারনেই এই হত্যাকান্ড। সেলিমের পিঠে বা পাশে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে শুনেছি ঘটনাস্থলে এসে।
রায়পুরা থানার হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আতিকুর রহমান ভূঞা বলেন, পারিবারিক দ্বন্দের জেরে এই হত্যাকান্ড ঘটেছে। চাচার ছুরিকাঘাতেই ভাতিজা নিহত হয়েছে বলে শুনেছি। মরদেহ এখনও নরসিংদী এসে পৌঁছায়নি। মরদেহ আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।





