চট্টগ্রাম জেলার পটিয়া থানার হরিনখাইনে শ্বশুরবাড়িতে সাইফুল ইসলাম সুমন (৩৫) নামের এক প্রবাসী ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
পটিয়ার বিনিনীহারা এলাকার আবুল কাসেমের ছেলে প্রবাসী সুমন হরিনখাইন চার বছর আগে বিয়ে করেছিলেন। বিয়ের পর সুমন বিদেশ চলে গেলে পরিবারের সঙ্গে তার স্ত্রীর বনিবনা না হওয়ায় নিজের বাবার বাড়িতে থাকতে শুরু করেন। ছয় মাস পর প্রবাস থেকে ফিরে আসেন তিনি । এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুর বাড়িতে আসা যাওয়া করে সুমন । গত শুক্রবার রাতে আবারও শ্বশুরবাড়ি গেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুমন। পরে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটিয়া থানার অফিসার ইনসার্জ বোরহান উদ্দিন বলেন, শুক্রবার রাতে সুমন তার শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হলে বিষয়টি আমরা জানতে পারি। নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনকে হত্যার অভিযোগ করা হয়েছে। কিন্তু তার শ্বশুরবাড়ির পক্ষের লোকজনের দাবি স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন সুমন।





