চট্টগ্রাম প্রতিনিধি :
রাজধানী ঢাকায় গত ২৮ অক্টোবর বিক্ষোভ সমাবেশের পরদিন রোববার ডাকা হরতাল অনেকটা নীরব চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীরা।বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে। কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে স্বাভাবিক ভাবেই। তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম।
নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।
প্রসঙ্গত, শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি। এরপরই সারা দেশে হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় দলটি।
নগরের কাজীর দেউড়ি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির কোন নেতাকর্মী দেখা যায়নি এবং দুপুর পর্যন্ত সেইরকম কোন কর্মসূচির সংবাদ পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, নগর বিএনপির চট্টগ্রাম কার্যালয়ের সামনে ৭-৮ জন পুলিশ আছে কিন্তু সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিল না।
এই প্রতিবেদন লিখা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তা ঘাটে মানুষের চলাচল কিছুটা কম হলেও জনজীবন অনেকটাই স্বাভাবিক ছিল। সকাল থেকে নগরজুড়ে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
এদিকে, চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে জানানো হয়েছে নগরে কোনো ধরনের অরাজকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। যেকোন ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত ।





