কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আলীঘোনা এলাকায় ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
আজ ৪ ডিসেম্বর বুধবার ভোর ৫টায় ঘটনাটি ঘটে।
নিহত জাবিন্দ্র বড়ুয়া জানু ওই ইউনিয়নের পহরচাঁদাস্থ পশ্চিম বড়ুয়াপাড়ার গুরাধন বড়ুয়ার পুত্র।
নিহতের আত্মীয় শংকর বড়ুয়া জানান, রাতে জাবিন্দ্র আলীঘোনায় নিজের ধানক্ষেত পাহারা দিতে যায়। পরে বাড়ি ফেরার পথে একটি পালছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান জানান, হাতির আক্রমনে এক কৃষক নিহতের ঘটনাটি উপজেলা প্রশাসন এবং থানা পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বনের ভিতর দিয়ে রেল লাইন নির্মাণ কাজ করতে গিয়ে ব্যাপক হারে গাছ কাটার ফলে বন্যহাতির আবাস স্থল ধ্বংস হয়ে যাওয়ায় গত এক মাসে লামা ও চকরিয়ায় ৪টি হাতি মারা গেছে। হাতির আক্রমনে মারা যাচ্ছে অনেক নিরীহ কৃষক।





