দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ঘোড়াঘাটে যারা সন্ত্রাসী, চাঁদাবাজী, লুটপাট ও গরিব অসহায় মানুষের জমি দখল করে তাদের সকলকে গ্রেপ্তার করুন। এছাড়া আওয়ামী লীগ নামধারী কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ যাতে থানার বারান্দায় পা দিতে না পারে সে ব্যাপারেও ঘোড়াঘাট থানা প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন এমপি।
গতকাল শনিবার বিকেলে ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমপি শিবলী সাদিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত শুদ্ধি অভিযানে দেশের অনেক বড় বড় এমপি, মন্ত্রী এখন আইনের বেড়াজালে আবদ্ধ। অনেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। অন্যায়, অনিয়ম ও দূর্নীতি করে আমার মত এমপি আর আপনার মত নেতা এই শুদ্ধি অভিযান থেকে রেহাই পাবেন, এই কথা ভাববেন না! ঘোড়াঘাটের মাটিতে আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও দূর্নীতিবাজদের কোন ঠাঁই হবে না”।
কাউন্সিলে প্রার্থীদেরকে ভয়ভীতি প্রদর্শন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলারদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে বহুল প্রতিক্ষিত পৌর আওয়ামী লীগের কাউন্সিল স্থাগিত করা হয়। বিভিন্ন অভিযোগের উপর ভিত্তি করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ কাউন্সিলের কথা মাথায় রেখে পুনঃরায় তারিখ নির্ধারন করে রানীগঞ্জ বাজারে কাউন্সিলের আয়োজন করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ রাফে খন্দকার শাহানসাকে নির্দেশনা দেন এমপি শিবলী সাদিক।





