দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিল জাতীয় উদ্যানে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী।
মঙ্গলবার রাতে ধর্ষণকারী ওই যুবকসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে একজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শওগুনখোলা এলাকার শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০) মৃত-ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর এলাকার আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। এদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে নবাবগঞ্জের এক সহপাঠি বন্ধুর সাথে আশুরার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজ ছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং ওই কলেজ ছাত্রীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়।
এ ঘটনায় ওই ছাত্রীর সহপাঠী বন্ধু রিয়াজুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করে। পরে থনা পুলিশ ৪ জনকে আটক করে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী ধর্ষণকারীকে চিহ্নিত করে। আটককৃতদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।





