রাজধানীর খিলগাঁওয়ে দুই শিশু সন্তানতে গলা কেটে হত্যা করেছে তাদেরই মা। পরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা আখতারুন্নেসা পপি।
আজ শনিবার সকালে ঢাকার খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মৃত দুই শিশুর মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নিহত শিশু দুটি হলো, মেহজাবিন আলভী (১১) ও জান্নাতুল ফেরদৌস জান্নাত (৬)। গতকাল শুক্রবার রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজঘরেই ছিলেন তাদের মা। শনিবার সকাল সাড়ে আটটায় খবর পেয়ে পুলিশ দগ্ধ অবস্থায় মৃত শিশুদের মাকে উদ্ধার করে। পরে তাকে পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।
নিহত শিশুদের নানা আবু তালেব জানান, খিলগাঁওয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়াশোনা করত তার দুই নাতনি। আলভী চতুর্থ শ্রেণীতে ও জান্নাত জুনিয়ার ওয়ানে। দুজনেই ছিল খুব মেধাবী। ওদের বাবা মোজাম্মেল হোসেন বিপ্লব। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করেন।





