খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করা হবে : ফখরুল

সংগৃহীত ছবি

রাজনীতি

খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করা হবে : ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২০

"একটাই কথা খালেদা জিয়াকে মুক্ত করবোই।সরকারকে বাধ্য করবো খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগনের অধিকারকে ফিরিয়ে দিতে" আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এ কথা বলেন দলটির মহাসচিব।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, "সরকার গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেছে। বিচারবিভাগ বলে কিছু আছে কিনা তা নিয়ে সন্দেহ হয়।"  

দুপুর দুইটার দিকে এ সমাবেশ শুরু হয়। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের ১লা এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি বন্দী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আজ বিএনপি চেয়ারপারসনের কারাবাসের দুই বছর পূর্ণ হলো। এ উপলক্ষ্যে তার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে বিএনপি। 

সমাবেশে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "সরকারের পতন ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একসূত্রে গাঁথা। যেভাবে নির্বাচনে মহানগরীর নেতাকর্মীরা নেমেছিল তেমনিভাবে সরকার পতন ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে নামতে হবে।"

ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এসব মিছিল থেকে স্লোগান দেয়া হয়। সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল থেকে নয়া পল্টনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads