খাগড়াছড়ির একটি দুর্গম এলাকায় ৮০ বিঘা জমির গাঁজাক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলার ধইল্যা কমলচরণ কার্বারি পাড়া এলাকায় অভিযান চালায় মহালছড়ি জোন সেনাবাহিনীর একটি দল। এ অভিযানে অন্তত ৭০ থেকে ৮০ বিঘা জমির গাঁজা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবালের নেতৃত্বে অর্ধশত সেনা এ অভিযানে অংশ নেন। মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসানও অভিযানকালে উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনও এ অভিযানে অংশ নেন। উপস্থিত ছিলেন পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।
অভিযান প্রসঙ্গে এসআই মহিউদ্দিন আহমেদ জানান, শুধু মাদকদ্রব্যের উৎস ধ্বংস নয়। এসব চাষাবাদে জড়িতদের ধরতেও চেষ্টা চালানো হচ্ছে। এসব ব্যাপারে আলামত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ ডিসেম্বর মহালছড়ি উপজেলার কলাবুনিয়া এলাকায় সাত বিঘা জমির ওপর লাগানো গাঁজার ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী। এ ঘটনায় অমর বিকাশ চাকমা ও টুলু চাকমা নামে দুই সহোদরকে আটক করা হয়।
ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশিকালে বিশাল এ গাঁজা ক্ষেতটির সন্ধান পায় সেনাবাহিনী। পরে তারা গাঁজার গাছগুলো উপড়ে এক জায়গায় স্তূপ করে এবং আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে। মহালছড়ির বিজিতলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবার জানান, ধারণা করা হচ্ছে, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ তাদের সংগঠনের অর্থের জোগান দিতে দুই পাহাড়ের মাঝে উর্বর জমিতে ঘেরা দিয়ে সুকৌশলে এবং বিশেষ নিরাপত্তায় এ গাঁজার চাষ করছিল।





