পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার সকালে মৃত ডলফিনটি স্থানীয়রা গঙ্গামতি বনাঞ্চলের লেক সংলগ্ন সৈকতের বেলাভূমে দেখতে পায়। বটলনোজ প্রজাতির ডলফিনটি লম্বায় প্রায় পাঁচ ফুট। সকালে কিংবা রাতের জোয়ারে এটি ভেসে এসে বালু চরে আটকা পড়তে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
এছাড়া দুপুরের জোয়ারের কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্টে ভেসে আসে প্রায় ছয় ফুট লম্বা আরেকটি মৃত ডলফিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিন দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, শরীরে জার পেঁচানো ছিলো। সাগরে ফেলা জালে আটকে পড়ার পর ডলফিনটিকে আঘাত করে মেরে ফেলা হতে পারে। এর আগেও কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে ১৩ টি ডলফিন ভেসে আসলেও মৎস্য গবেষকরা ডলফিন মারা যাওয়ার কারণ অনুসন্ধানে কোন কার্যকরী উদ্যোগ নেয়নি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দুটি ডলফিন ভেসে আসার খবর পেয়ে বনবিভাগকে বিষয়টি অবগত করা হয়েছে। মাটি চাপা দেওয়া হবে।





