কুষ্টিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ: বাড়ছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৫৪জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬১জন। গত ২৪ঘন্টায় ভর্তি হয়েছেন ২২জন ডেঙ্গু রোগী। তবে সব কিছু ছাপিয়ে আলোচনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়ার দায়েরপাড়া গ্রাম। উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়েরপাড়া গ্রামেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৩৮জন। ঈদের পর থেকেই ওই গ্রামে এ রোগের বিস্তার লাভ করে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরবিন্দু পাল জানান, ওই গ্রামে ঈদের পর থেকে এ পর্যন্ত সর্বমোট ৩৫জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দৌলতপুর, মিরপুর ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫জন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এদিকে দৌলতপুরে একটি গ্রামেই ৩৮জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় আতংক ছড়িয়ে পড়েছে গোটা দৌলতপুরবাসীর মধ্যে। এদের মধ্যে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে এবং ৮জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে আতংক নিরসনে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। ওষুধ সরবরাহ থেকে শুরু করে সব রকম সহায়তা প্রদান করা হচ্ছে।
পরিদর্শনে গিয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন জানান ডেঙ্গু আক্রান্তের সংবাদ জানার পর থেকেই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করি। এবং সেখানে সকল প্রকার চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। তাছাড়া ডেঙ্গু সচেতনতায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





