আসন্ন কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোন প্রার্থী না থাকালেও ক্ষমতাসীন আওয়ামী লীগে অর্ধডজনের অধিক ও জাতীয় পাটি থেকে একজন মনোনয়ন প্রত্যাশী গুঞ্জন চলছে। কেন্দ্রীয় লবিং-তদবিরে ব্যস্ত সবাই।
ক্ষমতাসীন আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগ এর সিনিয়রসহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সদ্য প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপির পুত্র চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগ এর যুগ্ম আহ্বায়ক নাজনীন আক্তার, চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার (রিপন), জাকির হোসেন (আজাদ), এডভোকেট মো. শাহজালাল মিঞা শিপন প্রমুখ। এদিকে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চাইবেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. লুৎফর রেজা খোকন।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, দলের নেত্রীর কাছে মনোনয়ন চাইব। দল যোগ্য মনে করলে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে নৌকাকে বিজয়ী করে এলাকার মানুষের জন্য কাজ করতে আগ্রহী।
মুনতাকিম আশরাফ টিটু বলেন, আমার বাবা নেই। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এখন আমার অভিভাবক। বাবা এ আসনে পাঁচবার এমপি হয়েছেন। আমি নেত্রীর কাছে মনোনয়ন চাইব। আমরা চান্দিনা উপজেলা আওয়ামী লীগ তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নৌকার জন্য কাজ করব।
সাবেক ছাত্র নেতা সহিদ উল্লাহ বলেন, ছাত্র রাজনীতি করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকবার শিবিরের হাতে নির্যাতিত হয়েছি। দলের জন্য অনেক ত্যাগ করেছি। আশা করি, দল মনোনয়নের বিষয় বিবেচনা করবে।
নারী নেত্রী নাজনীন আক্তার বলেন, চান্দিনার জনগনের দোয়া ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার সাহস। মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে আন্তরিক তাই সব কিছু বিবেচনা করে জননেত্রী আমার হাতে নৌকা উঠিয়ে দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
জাকির হোসেন (আজাদ) বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে একাধিকবার কারাগারে গিয়েছি। দুঃসময়ে নেত্রীর পাশে ছিলাম। এখনও আছি। আশা করি, দলের জন্য ত্যাগের মূল্যায়ন পাব।
জাতীয় পার্টির লুৎফর রেজা খোকন বলেন, দীর্ঘ ৩ যুগেরও বেশি আমি চান্দিনায় রাজনীতি করছি আমি একাধিক জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। দলের সিদ্ধান্তে নির্বাচনে অংশ গ্রহণ করবো। শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে নির্বাচিতহয়ে এই আসনটি জাতীয় পার্টিকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, পরদিন মনোনয়ন বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীকবরাদ্দ ২০সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ৭অক্টোবর।
উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি গত ৩০ জুলাই মারা গেলে আসনটি শূন্য হয়। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় পৌনে তিন লাখ। এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।





