কুমিল্লা ইপিজেডের চায়না কোম্পানীর মানবসম্পদ কর্মকর্তা খায়রুল বাশারকে হত্যার ঘটনায় প্রধান আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিউদ্দিন নগরীর দক্ষিণ চর্থা এলাকার আবদুল হকের ছেলে।
র্যাব জানায়, গত ৩০ এপ্রিল বিকেলে জিংচ্যাং সু বিডি লিমিটেড এর মানবসম্পদ কর্মকর্তা খায়রুল বাশার অফিস শেষে বাসায় ফেরার পথে ইপিজেড গেটের সন্নিকটে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ঘাতক মহিউদ্দিনের নেতৃত্বে একটি কিশোর গ্যাংয়ের ৭/৮জন সদস্য এই হত্যাকান্ডের সাথে জড়িত। মূলত চাকুরীচ্যুতের একটি ঘটনাকে কেন্দ্র করে তারা এই হত্যাকাণ্ড ঘটায় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। পলাতক সকল আসামিকেই গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





