৭৬৪ টি পূজামণ্ডপে এবার কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দির মন্ডপগুলোতে দূর্গাৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলছে পূজা মন্ডপকে আকর্ষনীয় করে তুলতে আলোকসজ্জা ও গেট নির্মাণের প্রতিযোগিতা। প্রতিমার গায়ে শেষ প্রলেপ দিচ্ছেন শিল্পীরা। গত বছরের তুলনায় প্রতিমা তৈরির খরচ বেড়েছে এবার।
জেলার আঠারো উপজেলায় এ বছর মণ্ডপে পূজা উদযাপন হবে। উপজেলা মন্ডপের সংখ্যা হচ্ছে আদর্শ সদরে ৭২টি, সদর দক্ষিণে ৪৩টি, চৌদ্দগ্রামে ২২টি, চান্দিনায় ৭১টি, বুড়িচংয়ে ৪৩টি, ব্রাহ্মণপাড়ায় ১২টি, বরুড়ায় ৮৫টি, লাকসামে ৩৬টি, মনোহরগন্জে ১২টি, লাঙ্গল কোটে ৯টি, দাউদকান্দিতে ৪৬টি, তিতাসে ০৬টি, হোমনায় ৮টি, মেঘনায় ৪টি, দেবিদ্বারে ১৮টি, বাঙ্গরায় ৪৫টি, মুরাতনগরে ২১টি এবং লালমাইয়ে ১৬টি।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করবো। বরবরের মতোই এবারও পূজা উদযাপন হবে। আশা করছি, পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জেলা ও পুলিশ প্রশাসন। তারা আমাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
জেলা পুলিশ সুপার মো ফারুক আহমেদ বলেন, জেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্হা নেয়া হবে। পূজা চলাকালীন সময়ে সাদা পোশাক এবং পোশাক ধারী পুলিশ সহ অন্যান্য সংস্থার সদস্যরা দাযিত্ব পালন করবে। এই ব্যাপারে আমরা জন সাধারণ ও পূজারীদের সহায়তা চাইবো।





