কুমিল্লার ঘটনায় দায়ী ব্যক্তিদের খুব শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা অনেক কিছুই দেখছি, অনেক কিছুই অনুমান করছি। আমরা প্রমাণের অপেক্ষায় আছি, প্রমাণ পেলেই আপনাদের সামনে তুলে ধরবো।
আজ রোববার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি, খুব শিগগির তাদের (দায়ী) গ্রেপ্তার করতে পারব।
তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দু-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে যারা করেছে, তাদেরও চিহ্নিত করা হবে।
কুমিল্লার হামলার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে দুঃখ প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জে চারজন প্রাণ হারিয়েছেন। পুলিশ আহত হয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে, নোয়াখালীতে হয়েছে, ফেনীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে। নোয়াখালীতেও প্রাণহানি হয়েছে। যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে জানাবেন। আমরা সুনিশ্চিত এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, সম্প্রীতির দেশ বাংলাদেশ এটাকে বিনষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ কাজ যে করেছেন, কারো ইন্ধনে করেছেন।





