কিশোরগঞ্জে বাসচাপায় আইনজীবী নিহতের ঘটনায় মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কিশোরগঞ্জে বাসচাপায় আইনজীবী নিহতের ঘটনায় মানববন্ধন

  • কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় মো.শাহেন শাহ (৩২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহেন শাহ কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য।

জানা যায়, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে রওনা হন অ্যাডভোকেট মো. শাহেন শাহ। পথে মধ্যপাড়ায় কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাসটিতে ভাঙচুর ও আগুন দেয়ার চেষ্টা করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে কটিয়াদী থানা ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ এক ঘন্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপী ঘটনাস্থল পরিদর্শন করেন।হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার বলেন, ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। বাসটি আটক রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে দুপুর ২ টায় কিশোরগঞ্জ জজকোর্ট এর সামনে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক এম.এ রশিদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,এটি দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যাকান্ড।এ ঘটনায় জড়িতদের ফাসিঁ দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads