কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে প্রচণ্ড খরা ও তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ফসলের মাঠ খাঁ খাঁ করছে। অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহে জনজীবনে নাভিশ্বাস চরমে। ফলে স্থানীয় মুসল্লিরা বৃষ্টি প্রার্থনায় ইস্তিস্কার নামাজের আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। বায়তুন্নুর জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রশিদ এ নামাজে ইমামতি করেন। এ নামাজে প্রায় ৩ শতাধিক মুসল্লি আল্লাহর কাছে কান্নাকাটি করে বৃষ্টির জন্য দোয়া করেন।
বায়তুন্নুর জামে মসজিদের সিনিয়র মোয়াজ্জেম শাহাদাৎ হোসেন বলেন- অনাবৃষ্টি ও প্রচণ্ড গরমে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এর প্রভাব কৃষিতেও পড়েছে। এ কারণে আল্লাহতাআলার কাছে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় ও দোয়া করা হল। মহান আল্লাহ আমাকের দোয়ার ফলে যদি দ্রুত বৃষ্টি দেন।





