রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৫৭টি মন্দিরে চলছে দূর্গাপূজার শেষ মূহুর্তের প্রস্তুতি। প্রায় সবকটি মন্দিরে নির্মাণ শেষে চলছে শেষ মূহুর্তের রং তুলির কাজ। মুর্তি তৈরীর কাজে দিন রাত মিলিয়ে ব্যস্ত সময় পার করছে পাল মশাইরা।
উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে রতনদিয়া ইউপিতে ১০টি, কালিকাপুর ইউপিতে ৪টি, বোয়ালিয়া ইউপিতে ৭টি, মাজবাড়ী ইউপিতে ৫টি, মদাপুর ইউপিতে ১১টি, মৃগী ইউপিতে ১৪টি ও সাওরাইল ইউপিতে ৬টি মন্দিরে উদযাপিত হবে এই উৎসব। হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপিত হবে বলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা পূজা উদযাপণ পরিষদ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।
উপজেলা পূজা উদযাপণ পরিষদের আহবায়ক শ্রী রনজয় কুমার বসু বলেন, প্রতিবারের মত এবারও আমাদের উপজেলায় নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে। এজন্য আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি। কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবারের দূর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সবকটি মন্দিরে আনসার বাহিনীর সদস্য নিয়োজিত ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিবেন। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।





