চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল (২৮) কে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।
ওসি নেজাম উদ্দীন জানান, রুবেলকে নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
এর আগে সোমবার দিনভর তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে কারাগারের অভ্যন্তরে তল্লাশি চালানো হয়েছে।
কারাগার সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, চট্টগ্রামের সদরঘাট থানার একটি হত্যা মামলার আসামি রুবেল। গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। কারাগারে পাঠানোর পর এই বন্দিকে রাখা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট ওয়ার্ড’ হিসেবে বিবেচিত একটি ওয়ার্ডে। গত শনিবার সকালে নিয়মিত বন্দি গণনাকালে কর্ণফুলী ভবনের বন্দি রুবেলের অনুপস্থিতির বিষয়টি ধরা পড়ে। এর পর থেকে দিনভর কারাগারের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ করেও ওই বন্দির হদিস মেলেনি। এর তিনদিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ।





