গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার স্ত্রীসহ স্বজনেরা।
আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক লিটন হত্যা মামলার রায় দেন। রায়ে জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য কর্নেল কাদের খাঁনসহ ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাদের খাঁনের পিএস শামছুজ্জোহা, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা। পলাতক রয়েছে আসামি শ্রী চন্দন কুমার রায়।
মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি রায়ের প্রতিক্রিয়ায় বলেন, কাদেরসহ সকল আসামির শাস্তি দেখতে চাই। আর যেন কাউকে এভাবে হত্যা হতে না হয়। আমি আমার স্বামীকে শারীরিকভাবে ফিরে পাবো না কখনো। কিন্তু তিনি মানষিকভাবে আমার সঙ্গে আছেন। এই হত্যার বিচারের মধ্য দিয়ে আমরা দেখতে চাই দেশে ন্যায়বিচার আছে।
দলের নেতা কমী ও এলাকাবাসী ও স্বজনরা বলেন, এমপি লিটন হত্যার মধ্য দিয়ে সুন্দগঞ্জবাসী সৎ যোগ্য নেতৃত্বকে হারিয়েছে। একজন অভিভাবককে হারিয়েছে। আমরা মনে করি কর্নেল কাদের সহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামির মৃত্যুদণ্ড খুব দ্রুত কার্যকর করা হবে।





