কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় অনাবৃষ্টি ও তীব্র তাপ্রবাহের কারণে বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
কাঠালিয়ার আলেম ও ওলামাদের উদ্যোগে এলাকার সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে আমীন আমীন শব্দে ও চোখের পানিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এবং দেশবাসীর জন্য কল্যাণ কামনা করা হয়। গত কয়েকদিন ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কাঠালিয়ায় তীব্র রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
নামাজের ইমামতি করেন মাও. আঃ কুদ্দুস, খুতবা পাঠ করেন ইঞ্জিনিয়ার মাও. মো. আহসান উল্লাহ খান সবুজ এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ হজরত মাওলানা মো. নুরুল হক। এছাড়াও নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব সহকারী অধ্যাপক মাও. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাও. মো. মোজ্জামেলুল হক ও মাও. মো. খাইরুল আমিন ছগির প্রমুখ।





