পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার উপর সশস্ত্র হামলা ও তার বাম হাতের কব্জি কর্তণের ঘটনায় ১৩ জনের নামে কলাপাড়া থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েলের পিতা গোলাম ফারুক প্যাদা বাদী হয়ে চিহ্নিত মাদককারবারী মিজানুর রহমান ও ওরফে মিজু মাষ্টারকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার এজাহারভূক্ত দুই ও তিন নং আসামি বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (৪ নভেম্বর) রাত আটটারদিকে জুয়েল কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া শরীফ বাড়ি এলাকার সড়কে পৌঁছুলে আগে থেকে ওৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা করে। তারা জুয়েলকে কুপিয়ে আহত করে তার বাম হাতের কব্জি কেটে নেয়। জুয়েল বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ওই রাতেই পুলিশ কলাপাড়া ও আমতলী উপজেলার সীমান্তবর্তী পূজা খোলা গ্রাম থেকে একটি ছোড়া ও একটি চাপাতিসহ ঘটনায় জড়িত বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনায় জড়িত মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





