বিশ্ব

কলম্বোতে সহিংস বিক্ষোভ, কারফিউ জারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২২

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপেক্ষের বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করার প্রেক্ষাপটে পুলিশ কারফিউ জারি করেছে।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পুলিশপ্রধান সি ডি বিক্রমারত্নে জানান, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কলম্বোর বেশির ভাগ এলাকায় কারফিউ বলবত থাকবে।

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি টানা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায়। 

এসময় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। 

বিক্ষোভের সময় রাজাপাকসে তার বাসভবনে ছিলেন কিনা সেটি স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

অবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে শ্রীলঙ্কায়  রাজাপেক্ষের পদত্যাগের দাবি জোরদার হচ্ছে। 

বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতিকে। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads