নরসিংদীর বেলাবতে গাড়িতে ঘুরে ঘুরে করোনা টিকা দেয়া শুরু হয়েছে। বেলাব উপজেলা প্রশাসন করোনা মহামারী নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় অভিনব এই কৌশল গ্রহণ করেছে। বেলাব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশে টিকা কর্মসূচির উদ্ধোধন করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন। এ উদ্যোগের মাধ্যমে সর্বসাধারণের টিকা গ্রহণ নিশ্চিত হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার থেকে বেলাব উপজেলার ৮টি ইউনিয়নের ১৯টি জনবহুল জায়গায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিটি গাড়িতে ৪ জন করে স্বাস্থ্যকর্মীরা টিকার কাজে নিয়োজিত রয়েছে। এই টিকা নিতে অনলাইনে আবেদন করতে হয় না। তাৎক্ষণিক টিকার গাড়ির কাছে উপস্থিত হয়েই টিকা নেওয়া যাচ্ছে। ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সব বয়সের লোকজন টিকা গ্রহণ করছে। দুই দিনে প্রায় ২৬৮৭ জন মানুষকে টিকা প্রদান করা হয়েছে।
উপজেলার বিন্নাবাইদ এলাকায় ভ্রাম্যমান টিকার গাড়িতে টিকা নিতে এসেছে কামাল মিয়া। তিনি বলেন, আমরা দিন আনি দিন খাই। একদিন কাজ বন্ধ দিলে টাকা পাবো না। তাই টিকা নিতে যাই নি। এখন গাড়ি থেকে সহজেই টিকা নেয়া যাচ্ছে বলে টিকা নিতে এসেছি।
শ্যামলী আক্তার নামে আরেক জন বলেন, টিকা নিতে নিবন্ধন করতে হয়। এটা করতে পারিনি বলে টিকা নেয়নি। এখন কোন নিবন্ধন না ছাড়াই সহজেই টিকা নেওয়া যাচ্ছে। যার কারণে টিকা নিতে এসেছি।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, সকল শ্রেণী পেশার মানুষের টিকা গ্রহণ নিশ্চিত করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে আমরাই প্রথম ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে এই টিকাদান শুরু করেছি। অনেক খেটে-খাওয়া দরিদ্র মানুষরা তাদের কাজ রেখে টিকা দিতে যেতে চায় না। তাই সকলকে টিকার আত্ততায় এনে উপজেলার শতভাগ টিকা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।





