দেশের করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত জেলা নারায়ণগঞ্জকে ঝুঁকিপূর্ণ (হটস্পট) হিসেবে শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
করোনার ক্রমবর্ধমান সংক্রমণের হার নিয়ন্ত্রণে পুরো নারায়ণগঞ্জ জেলাকে যেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই বিধি নিষেধ ভেঙে মঙ্গলবার ধুমধাম করে পারিবারিকভাবে বিয়ে করেন নারায়ণগঞ্জের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।
খবর পেয়ে সেখানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শাহিন কবিরকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে জনসমাগম করে বিয়ে করায় তাকে এবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়।
ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শাহিনকে বরখাস্ত করে আদেশে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের জন্য অধিক জনসমাগম করেছেন।
‘উক্ত কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থি বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’





