বাংলাদেশ

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

আজ সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনে এটিই দেশে সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্তের রেকর্ড। এরআগে গত ১৯ জুলাই দেশে ২৩১ জনের মৃত্যু হয়।এছাড়া গতকাল রোববার মৃত্যু হয় ২২৮ জনের।শনাক্ত হয় ১১ হাজার ২৯১ জন।

এদিকে, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ০২৩ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৭৪ হাজার ৬৮৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৪৮৫ জন।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন আর মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৯৯৬ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৯৯৯ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads