করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানির সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৪৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৯১২ জন। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন।
আজ মঙ্গলবার (৯ মার্চ), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৭৩টি। আর দেশের মোট ২১৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,৭৭৫টি। এর মধ্যে ৯১২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.১৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১৩ জনই পুরুষ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,৪৮৯ জনের মধ্যে ৬ হাজার ৪২০ জন পুরুষ ও ২,০৬৯ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১,২২৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৫৩ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন।





