দেশকে ঝুঁকি মুক্ত করতে যে কেনো মূল্যে করোনা ভাইরাসকে পরাজিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২০ মার্চ) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব সেটা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সর্বাত্মক প্রয়াস সম্মিলিতভাবে করোনা যত বড় শত্রুই হোক, এই শত্রু আমরা পরাজিত করব। দেশকে ঝুঁকি মুক্ত করতে যে কেনো মূল্যে করোনাকে প্রতিরোধ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন কাদের।
বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন একজন।
বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।





