কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনে উপজেলা আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ এপ্রিল বিকালে কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কটিয়াদী উপজেলা সদর বাস স্ট্যান্ড চত্বরে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট দিলীপ কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এমএ আফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের সঞ্জু, উপজেলা আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান ভূঁইয়া।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা ছাড়াও লোহাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূরুজ্জামান ইকবাল এবং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ বক্তব্য রাখেন।সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন আমরা আওয়ামী লীগ করে আপন দেশে পরবাস জীবন কাটাচ্ছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কটিয়াদীতে দীর্ঘ ২৮ বছরেও উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় নাই। নেতা কর্মীদের একটাই দাবী দ্রুত উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হউক।
সভায় বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ বলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তাদের কে যেন আর আওয়ামী লীগে না নেওয়া হয়। সভায় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ইতি পূর্বে বহুবার কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু নানা কারণে কমিটি গঠন করা হয় নাই তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের পর দলের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের কয়েকজন সিনিয়র নেতার নাম উল্লেখ করে বলেন আমি আজ এই অনুষ্ঠানে তাদের কে উপস্থিত না দেখে ব্যাথিত । বিকাল থেকে শুরু হওয়া আলোচনা অনুষ্ঠানটি চলে রাত ৯ টা পর্যন্ত, রাত ৯ টার পর সভা স্থলে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। কটিয়াদীতে বহু বছর পর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।





