কামরুল হাসান, চবি
কমিটি গঠনের প্রায় আড়াই বছর পর অবশেষে এ মাসেই (নভেম্বর) পূর্ণাঙ্গ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি। সংগঠন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখার ২২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষিত হওয়ার পরপরই গঠন করা হবে বিভিন্ন আবাসিক হল ও অনুষদগুলোর কমিটি।
বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সমপাদক ইকবাল হোসেন টিপু।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, করোনা মহামারির বন্ধের কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারিনি। আশা করছি চলতি মাসের মধ্যে পূর্ণাঙ্গ করতে পারব। সে লক্ষ্যে আমি এবং টিপু কাজ করে যাচ্ছি।
সংগঠনের সুনাম ক্ষুণ্নকারী ও নেতিবাচক কাজের জন্যে অভিযুক্ত, এমন কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না বলে জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, সংগঠনের সুনাম ক্ষুণ্নকারী ও নেতিবাচক কাজে অভিযুক্ত এবং লেবাসধারী জামায়াত-শিবিরের কেউ যাতে কমিটিতে আসতে না পারে সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখছি। এমন কেউ কমিটিতে স্থান পাবে না।
চলতি মাসেই কমিটি ঘোষণা করা হবে জানিয়ে সাধারণ সমপাদক ইকবাল হোসেন টিপু বলেন, চলতি মাসেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঠপর্যায়ে যেসব নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে সক্রিয় ছিলেন আমরা তাদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে খুব শীঘ্রই জমা দিবো।
উল্লেখ্য, প্রায় আড়াই বছর আগে, ২০১৯ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তীতে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে চবি ক্যামপাসে ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়নি।
এদিকে কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় অনেক ছাত্রলীগ নেতাকর্মীকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মুখোমুখি আলাপচারিতার সময়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সমপাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন সেশনজট রয়েছে ছাত্রলীগের কমিটিতেও সেশনজটে পড়েছে। ফলে দুদিকেই নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা বিরাজমান। কেন্দ্রীয় কমিটির প্রতি আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত যাতে কমিটি পূর্ণাঙ্গ করে দেয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপসম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকলেও বর্তমানে বিশ্ববিদ্যালয় আগের স্বাভাবিক রূপে ফিরে এসেছে। তাই দ্রুত সময়ের মধ্যে নেতাকর্মীদের বহুল আকাঙ্ক্ষিত কমিটি পূর্ণাঙ্গ করে শাখা ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সভাপতি সাধারণ সম্পাদককে আহ্বান জানাচ্ছি।





