বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) জোহর নামাজের পর নারিন্দা পীর সাহেব জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজা শেষে এ অভিনেতার মরদেহ সূত্রাপুর কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তারপর সেখান থেকে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে এ অভিনেতাকে।
এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।





