ঈদের রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৬) নামের এক মুদি মনোহারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে। তিনি ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি মনোহারি দোকান দিতেন।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকানে ঘুমাতে এসেছিল নিহত মনির। ওইসময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থেকে থানা থেকে লাশ ময়নাতদন্ত করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।





